এম এ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সংবর্ধনা দিয়েছে সিরাজদিখান উপজেলার মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি।
শুক্রবার (০৬/০৩/২৬) বেলা ১১টায় উপজেলার নিমতলা এলাকায় এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সিরাজদিখান উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়গুলো নবনির্বাচিত এমপির কাছে তুলে ধরা হয়। এ সময় এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মনোযোগ সহকারে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন সংসদ সদস্যের সহযোগিতায় সিরাজদিখান উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

