আব্দুর রাজ্জাক, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ আব্দুল গফুর (৫০)-কে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানার কানাইর এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল গফুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গফুর পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী (জিয়ারডোবা) এলাকার মৃত ওমর ফারুকের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, গত ৩ মার্চ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার খাসবাগুড়ী এলাকায় স্থানীয় বাসিন্দা ছাবিরুল ইসলামের ৪ বছর বয়সী কন্যা নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার গফুর তাকে কোলে করে নিজের বাড়ির গোয়ালঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে গফুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আসামি গফুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

