মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-
যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এস্কেন্দারকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত এস্কেন্দার বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালায়। এ সময় এস্কেন্দারকে আটক করে তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

