সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত তরুণ তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রেজিনা নাসের, যিনি এম নাসের রহমান-এর সহধর্মিণী এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
বুধবার (৪ মার্চ) বিকেলে তিনি নিহত তারেকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন,একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রেজিনা নাসের নিহত তারেকের বোনের লেখাপড়ার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দেন। তিনি জানান,পরিবারের শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তত ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে সহায়তা করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর,রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার,বিএনপি নেতা কবির মিয়া এবং জুবের আহমেদ চৌধূরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ আটক করেছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য,গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে রাজনগরের ঘরগাঁও গ্রামে ছুরিকাঘাতে তারেক আহমদ নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

