সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে একটি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার রবিরবাজার,মধ্য রবিরবাজার ও কর্মধা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে সহযোগিতা করে র্যাব-৯ এর সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়,বিভিন্ন প্রতিষ্ঠানে জিলাপি তৈরিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ মিশ্রণ,ক্ষতিকর রং ব্যবহার,পোড়া তেল দিয়ে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা,মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মোট এক লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। গুরুতর অনিয়মের কারণে ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল সাময়িকভাবে সিলগালা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

