জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় গত বছরের ২৩ অক্টোবর ঘটে যাওয়া জয়নাল সরদার হত্যা মামলার মূল হোতা সুরেশ্বর দরবার শরীফের পীর তৌহিদুল হোসাইন শাহীন নূরী (৪৯)কে পুলিশ বুধবার ভোররাতে গ্রেপ্তার করেছে।
অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জয়নাল সরদার ২৩ অক্টোবর বিকেলে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। সন্ধ্যায় পুনরায় রিকশা নিয়ে বের হওয়া তার পর রাতেই তিনি নিখোঁজ হন।
পরদিন স্থানীয় একটি পুকুরে ভাসমান প্লাস্টিকের বস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ঈশা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রবিউল হক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করেন। প্রথমে মুন্সীগঞ্জ থেকে মো. রবিন শেখকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শাহীন নূরীকে শনাক্ত করে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, “জয়নালকে পীরের ঘরে ঢুকতে দেখা গেলেও বের হওয়ার দৃশ্য পাওয়া যায়নি। হুজুরের গাড়ির সূত্র ধরে আমরা রবিনকে গ্রেপ্তার করি। রবিনের তথ্যের ভিত্তিতে ভোরে মূল হোতা শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে শটগান, ১৩৩টি কার্তুজ, ২টি স্লিংশট রাইফেল, ওয়াকিটকি, হার্ডড্রাইভ, এসএসডি, ডিভিআর ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।”
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

