মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) দুপুরে রাজবাড়ী কনভেনশন সেন্টারে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন।
কর্মশালায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, টিআইবি প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিশেষ করে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের মানহানি, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য প্রচারসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এতে নারীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে চরম পরিণতির শিকার হচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও প্রযুক্তির অপব্যবহারের কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এবং সু-শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা অনলাইনভিত্তিক অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে শক্তিশালী সাইবার সেল গঠন ও কার্যকর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রযুক্তি যেমন উন্নয়নের হাতিয়ার, তেমনি এর অপব্যবহার রোধে সচেতনতা ও আইনগত ব্যবস্থা জোরদার করা জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

