সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তারেক আহমদ রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের বালিদীঘির পাড় এলাকায় কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেকের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে,আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত,উরু ও পায়ে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজারের ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তারেকের বড় বোন সেলিনা জান্নাত সুমা ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
গত ২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলার খুলশী থানার মতিঝর্ণা কলোনী এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামি-মেহেদী হাসান আতিক (২২),সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযানে অংশ নেয় রাজনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের ৩ মার্চ রাজনগর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন,মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

