মিজানুর রহমান, তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন শেষে সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ। সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য মো. টুকু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সখিনা বিট অফিসার মো. জুমেল খান, তালতলী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মংচিন থান, তালতলী বহু-অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. শাহজালাল ফরাজী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, সিবিডিপি ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইমরান হোসেন, মিসেস এমেন রাখাইন ও মিসেস চিনেউ রাখাইনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী যশোমন্ট মল্লিক।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ বন অধিদপ্তর দিবসটি পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর ফিশনেট প্রকল্পের আয়োজনে তালতলীর স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী, কৃষক, জেলে পরিবার ও সাধারণ জনগণের অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়।

