আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সমুদ্র উপকূল ও গভীর বঙ্গোপসাগরে জেলেদের কাছে আতঙ্কের নাম কুখ্যাত ডাকাত সর্দার আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গত ১ মার্চের দিবাগত রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আরিফ কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাই শাহাজাহান’-এর ছেলে।
র্যাব-১৫ এর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার ‘গুলির ধার’ নামক স্থানে ‘এফ.বি. অজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত সর্দার আরিফের নেতৃত্বে ৮/১০ জনের একটি সশস্ত্র দল ফিশিং বোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং তাদের বোট দিয়ে সজোরে ধাক্কা মারে। এই নৃশংস হামলায় বোটের কিশোর স্টাফ শাহাদাত হোসেন খোকন (১৭) ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। ডাকাত দল উক্ত বোট থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার আরিফ একজন চিহ্নিত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত নিম্নোক্ত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাবের অভিযান ও পরবর্তী ব্যবস্থা : কিশোর শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে এই মূল ঘাতককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ উক্ত ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে র্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে।

