সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মৌলভীবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ মার্চ) শহরের পশ্চিম বাজার এলাকায় পরিচালিত অভিযানে একটি মাংসের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযান চলাকালে পশ্চিম বাজারের ‘হৃদয় মিট হাউস’ নামের দোকানে ঝুলিয়ে রাখা খাসির মাংসের রং অস্বাভাবিক ও দুর্গন্ধযুক্ত পাওয়া যায়। দোকান কর্তৃপক্ষ দাবি করে,মাংসটি আগের দিন জবাই করা। তবে প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় নমুনা সংগ্রহ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়।
পরীক্ষা প্রতিবেদনে মাংসটি পঁচা এবং মানবভোজ্য নয় বলে নিশ্চিত হওয়া যায়। এরপর জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে পুরো মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। তিনি বলেন,ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও বিস্তৃত পরিসরে চালানো হবে।

