মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে মাদকাসক্ত এক ব্যক্তির লাঠিপেটায় সমশের শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ভোরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সমশের শেখ ওই গ্রামের মৃত সোবাহান শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বরকত শেখ (৫০) একই গ্রামের মজিদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরকত শেখ এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। রোববার সেহরি খাওয়ার পর সমশের শেখ স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, বরকত শেখ তার ছেলে-বউয়ের ঘরের দরজা ও বেড়ায় লাঠি দিয়ে ভাঙচুরের চেষ্টা করছে। এ সময় সমশের শেখ তাকে বাধা দিলে বরকত ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।একপর্যায়ে বরকত শেখ সমশের শেখকে মারতে মারতে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায় এবং সেখানে নির্মমভাবে লাঠিপেটা করে গুরুতর আহত করে। সমশের শেখের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সমশের শেখের পরিবার সূত্রে জানা যায়, তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। মেয়েরা বিবাহিত এবং ছেলেরা প্রবাসে থাকেন। বাড়িতে তিনি স্ত্রী ও বড় ছেলের স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িতে দুটি বসতঘর ও একটি রান্নাঘর রয়েছে। একটি ঘরে সমশের শেখ ও তার স্ত্রী থাকতেন এবং অন্য ঘরে বড় ছেলের স্ত্রী বসবাস করতেন। অভিযুক্ত বরকত শেখের বাড়ি সমশের শেখের বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে।
স্থানীয় বাসিন্দারা জানান, বরকত শেখ দীর্ঘদিন ধরে কোনো কাজ করতেন না এবং কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করে এলাকায় বসবাস শুরু করেন। মাদকাসক্তির কারণে তিনি প্রায়ই এলাকায় বিশৃঙ্খল আচরণ করতেন। ঘটনার পর তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নিহতের প্রতিবেশী ও আত্মীয় কমলা বেগম বলেন, “ভোরে ভাঙচুরের শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকেই শুনতে পাই বরকত গালাগালি করছে। পরে দেখি লাঠি দিয়ে সমশের ভাইকে মারছে। মাথায় আঘাত পেয়ে রক্ত বের হচ্ছিল। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।” তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহতের বড় ছেলের স্ত্রী হাসনা বেগম জানান, সেহরি শেষে তার শ্বশুর নামাজে গেলে বরকত বাড়ির সামনে এসে গালাগালি ও ভাঙচুর শুরু করে। নামাজ শেষে ফিরে এসে সমশের শেখ তাকে বাধা দিলে বরকত লাঠি দিয়ে তাকে মারধর করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মূল অভিযুক্ত বরকত শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

