সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গাড়ির গ্যাস রান্নার সিলিন্ডারে রিফিল করার দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। বিস্ফোরক আইন,১৮৮৪-এর ৫(এ) ধারায় একটি মামলায় তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে দেখা যায়,ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে গাড়িতে ব্যবহৃত গ্যাস রান্নার সিলিন্ডারে স্থানান্তর করা হচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কাজ যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণের কারণ হতে পারে,যা জননিরাপত্তার জন্য বড় হুমকি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ গ্যাস রিফিল কার্যক্রম অত্যন্ত বিপজ্জনক। আইন অমান্য করে কেউ জনজীবনকে ঝুঁকিতে ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান এবং নিরাপদ ও বৈধ পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

