ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার (১ মার্চ) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম দফার হামলায় মাত্র এক মিনিটে ৪০ জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। আইডিএফ এই হামলাকে ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আসা হুমকির বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক আঘাত’ হিসেবে বর্ণনা করেছে।
আইডিএফ জানিয়েছে, অভিযানের শুরুতেই তেহরানের একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়। ওই সময় ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সাতজন সদস্য একই স্থানে উপস্থিত ছিলেন। হামলায় নিহতদের মধ্যে আছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি জঙ্গিবিমান খামেনির কমপাউন্ডে ৩০টি বোমা নিক্ষেপ করে, ফলে কমপাউন্ডটি পুরোপুরি বিধ্বস্ত হয়। অভিযানের সময়সূচি সংশোধনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিআইএ গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
আইডিএফ জানিয়েছে, অভিযান শুরু হয় ইসরায়েল সময় শনিবার সকাল ৬টায় এবং তেহরান সময় সকাল ৯:৪০ মিনিটে আঘাত হানে।

