যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এ তথ্যের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।
এ ঘটনার প্রতিবাদে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত বিক্ষোভকারী। দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, খামেনি নিহত হওয়ার খবরে রোববার শত শত মানুষ মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ করেন। এ সময় অনেকে কনস্যুলেট প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালান।
ভিডিও ফুটেজে দেখা যায়, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কনস্যুলেট কম্পাউন্ডের ভেতরে কয়েকজন ব্যক্তি জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি লিখেছেন, ইরান জানিয়েছে তারা বড় ধরনের হামলা চালাতে পারে, যা আগে কখনো করা হয়নি। তিনি আরও বলেন, ইরান যদি এমন পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তি প্রয়োগে জবাব দেবে।

