মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার
নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮/ফেব্রুয়ারী) বিকালে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের (রিইব) আয়োজনে নীলফামারী ডায়াবেটিস সমিতির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভান্সিং একাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সী থ্রো দ্যা রাইট অব ইনফরমেশন প্রকল্পের আওতায় সভায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি নীলফামারীর উপদেষ্টা আনোয়ারুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।
এসময় নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন সভার মুখ্য আলোচক রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের (রিইব) সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।
এ্যাডভোকেসি সভার উন্মুক্ত আলোচনায় সদর তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য শান্তা ইসলাম, গবেষণাদলের বাহালীপাড়া সভাপতি আনুফা বেগম ও গণগবেষণা দল কুন্দুপুকুরের সদস্য শফিকুল ইসলাম তথ্য অধিকার আইন বাস্তবায়নে নিজের সফলতার কথা তুলে ধরেন।
তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি নীলফামারীর উপদেষ্টা আনোয়ারুল আলম প্রধান বলেন, রাষ্ট্র তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছে আইনের মাধ্যমে। দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করণে তথ্য অধিকার আইনের গুরুত্ব এবং কিভাবে আবেদন করে তথ্য পাওয়া যায় এসব নিয়েই এ কমিটির মাধ্যমে কাজ করছি আমরা। রাষ্ট্রের যে কেউ তথ্য পাওয়ার অধিকার রাখে। তবে আবেদন করেও তথ্য না পেলে করণীয় সম্পর্কেও এই কমিটির মাধ্যমে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
সভায় জেলা হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা ওমর ফারুক, নীলফামারী সুজনের সাংগঠনিক সম্পাদক রাজা আহমেদ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

