মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় অন্তত ৪০ জন ছাত্রী নিহত হয়েছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। ভারতের সংবাদমাধ্যম নিউজ-১৮ এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে মিনাব শহরের ওই বিদ্যালয়ে বোমাবর্ষণ করা হয়। ইরানের ওপর এই যৌথ অভিযান শুরুর পর এটিই সবচেয়ে বড় এবং প্রথম কোনো বেসামরিক হতাহতের ঘটনা।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, শিক্ষা কার্যক্রম চলাকালীন কোনো সতর্কতা ছাড়াই বিদ্যালয়টিতে বোমাবর্ষণ করা হয়, যার ফলে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়। যৌথ এই হামলায় ইরানের বিভিন্ন কৌশলগত ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হলেও বেসামরিক এলাকায় এমন হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানের বিভিন্ন অংশ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, ইরানে বর্তমানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ চলমান রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সাধারণ জনগণকে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতাসীন ইসলামি নেতৃত্বের বিরুদ্ধে রাজপথে নেমে আসার এবং চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের এমন ঘোষণা এবং বেসামরিক প্রাণহানির এই ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

