মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি :
বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (Dost Aid Bangladesh Society) রমজান উপলক্ষে সিরাজগঞ্জের হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত তিনশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী’তে অবস্থিত সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ফুডপ্যাকেজ বিতরণ অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস স্বাগত বক্তব্য রাখেন। পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করেন সংস্থার সিরাজগঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান, সদর থানা বিএনপির সাবেক ক্রীড়া কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এছাড়া দোস্ত এইডের সিরাজগঞ্জ অফিস পরিচালক এস.এম. আশরাফুল ইসলাম, স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী ও অসংখ্য স্বেচ্ছাসেবক বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
উক্ত ফুডপ্যাকেজে ছিল:
১০ কেজি চাল
১ কেজি মুড়ি
১ কেজি ছোলা
১ কেজি খেজুর
২ লিটার সয়াবিনতেল
২ কেজি আলু
২ কেজি পেঁয়াজ
১ কেজি লবণপ্যাকেট
প্রতিটি প্যাকেট প্রায় ২২ কেজি ওজনের, যা এক পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করবে এবং পবিত্র মাহে রমজান সময়কালীন খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। বিতরণকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন কার্যক্রম, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, কোরবানির মাংস বিতরণ, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম।
এই ধরনের উদ্যোগে সিরাজগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং রমজানের পবিত্রতা আরও প্রগাঢ়ভাবে অনুভূত হয়।

