বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম পান্নু মাতুব্বর (৬০)। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ব্যাটারি চালিত অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। ফেরার সময় সালথা সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে বসা অবস্থায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

