দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরর নবাবগঞ্জ উপজেলায় নৃশংসভাবে এক শিশুকে হত্যা করা হয়েছে। ভুট্টা ক্ষেতের পাশ থেকে ৭ বছর বয়সী এক শিশুর গলাকাটা ও হাত-পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে লাশ রাখা হয়েছে।
নিহত শিশুটির নাম সিরাজুল আল সামস (৭)। সে নবাবগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মমিনুল ইসলামের পুত্র এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বিকেলে খেলতে বের হওয়ার পর সন্ধ্যার দিকে আর বাড়ি ফিরে আসেনি শিশুটি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল রুম্মান তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির হাত ও পায়ের রগসহ গলার শ্বাসনালী কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্তে নবাবগঞ্জ ও ফুলবাড়ী থানা যৌথভাবে কাজ করছে। খুব দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আটক করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

