সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খাল থেকে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা ও খনন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল,ফলে সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়,এটি স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অপরিকল্পিতভাবে প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে,যা জলাবদ্ধতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।
তিনি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি। খালটি সচল থাকলে কৃষি উৎপাদন বাড়বে, মাছের আবাসস্থল রক্ষা পাবে এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন),শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা,নিয়মিত তদারকি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে ভুরভুরিয়া খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে,জলাবদ্ধতা কমবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে উঠবে।

