ক্রাইম রিপোর্টারঃ
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া মিনি স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি বর্তমানে গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। খেলাধুলায় বৈষম্যের কারণে স্থানীয় ছেলেদের অংশগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় ঐতিহাসিক এই মাঠটির প্রাণচাঞ্চল্য হারিয়ে গেছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় পালিচড়া মিনি স্টেডিয়ামটি ছিল এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের প্রাণকেন্দ্র। নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হতো এখানে। কিন্তু সাম্প্রতিক সময়ে খেলাধুলার সুযোগ নিয়ে বৈষম্যের অভিযোগ ওঠায় ধীরে ধীরে মাঠে ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, মাঠ ব্যবহারে সমান সুযোগ না পাওয়ায় স্থানীয় অনেক তরুণ-তরুণী খেলাধুলা থেকে দূরে সরে যায়। বর্তমানে মাঠটি অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় সেখানে গরু-ছাগল চরছে এবং আগাছায় ভরে গেছে পুরো মাঠ।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি শুধু একটি খেলার স্থান নয়, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। মাঠে নিয়মিত খেলাধুলা না থাকায় তরুণ সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বৈষম্য দূর করে ছেলে ও মেয়ে উভয়ের জন্য সমানভাবে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে মাঠটির হারানো প্রাণ ফিরিয়ে আনার দাবি জানান।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

