সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুন (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ২৪ ফেব্রুয়ারি রাতে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে বাবা-ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী,ক্ষুব্ধ হয়ে বিষ্ণু প্রসাদ ধারালো ছুরি দিয়ে তাঁর বাবার পেটে একাধিক আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত ছেলে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে,এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

