মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের সংযুক্ত চান্দুরা-আখাউড়া সড়কের বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের, আড়িয়ল বাজার সংলগ্ন একটি পুরোনো ব্রীজ দিয়ে, যাতায়াতকারী যানবাহন ও জনসাধারণ ভয়াবহ দূর্ঘটনা ও মৃত্যু ঝুঁকিতে! ব্রীজটির মধ্যভাগে কংক্রিট খসে বড় আকারের গর্ত সৃষ্টি হওয়ার ফলে, উক্ত সড়কে “যেকোন সময় ভয়াবহ দূর্ঘটনা হতে পারে” এমন আতংক নিয়েই যানবাহন চলাচল করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় বছর দুয়েক আগে উপজেলা প্রকৌশলী দপ্তর, ব্রীজটির দক্ষিণ অংশে সৃষ্ট একটি গর্ত মেরামত করেন। উক্ত ব্রীজের মাঝখানে থাকা ছোট আরেকটি গর্ত মেরামত না করে, লোহার পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিলো। সেই থেকে ঝুঁকি নিয়ে রাতদিন ভারী, মাঝারি ও হালকা যানবাহন চলাচল করার ফলে গর্তটি ছোট থেকে বড় আকার ধারণ করেছে। সম্প্রতি ব্রীজের গর্তটি বড় হওয়ার কারণে জনসাধারণের কাছে বিষ পুঁড়ায় পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজটি আনুমানিক ১৯৯৫ সালের দিকে বা তারও আগে নির্মিত হয়। চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত যোগাযোগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করে।
বর্তমানে ব্রীজটির বেহাল অবস্থার কারণে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে ব্রীজের মাঝখানের গভীর গর্ত ও উন্মুক্ত রড দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর দাবী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রীজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করার। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এবিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান জানান, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখি কিভাবে দ্রুত সমাধান করা যায়। আশাকরি খুব শিগগিরই ব্রীজটি ঝুকিমুক্ত হবে।

