এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি
ঐতিহ্যবাহী ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে হাজারো রোজাদারের অংশগ্রহণে গণ-ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মুসলেহীনের সভাপতি মাওলানা খলিলুর রহমানের আমন্ত্রণে নেছারাবাদে ক্যাম্পাসে এই ইফতার মাহফিলে তিনি অংশ নেন।
ইফতারের আগে তিনি কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন। সেখানে কিছু সময় অবস্থান করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ভক্ত ও মুসল্লিরাও দোয়ায় শরিক হন। পরে আসরের নামাজ শেষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি স্থানীয় আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ইফতার করেন এবং জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।
এক সংক্ষিপ্ত আলোচনায় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “রমজান আমাদের কেবল ইবাদতের মাস নয়, এটি মানুষের জীবনে নৈতিকতা, সততা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠার মাস। সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ মানুষের চরিত্র গঠন, পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন একটি মানবিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
ড. হায়দার আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-উলামারা বাংলাদেশের সামাজিক ঐক্য, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ রক্ষার অন্যতম স্তম্ভ। তাদের কল্যাণ, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করা জাতীয় উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মো. আককাস সিকদার, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদার এবং জেলা বিএনপির ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরও অনেকে।

