আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেন্টমার্টিন দ্বীপের বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেন্টমার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল মালেক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দ্বীপবাসীসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর আব্দুল মালেকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। প্রিয় নেতা ও স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সবাই।
নিহতের বড় ভাই আবেগপ্লুত কণ্ঠে জানান, “আমার ভাই আজ রোজা রেখেছিল। আমরা দুই ভাই একসাথে সেহরি খেয়েছি। আমি ওমরাহ পালন করতে যাব বলে আজ সেহরির সময় বড় মাছটা নিজের পাতে না নিয়ে আমার পাতে তুলে দিয়েছিল। কে জানত এটাই হবে আমাদের শেষ সেহরি!”
এদিকে আব্দুল মালেকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। শোকবার্তায় তিনি বলেন, “আব্দুল মালেকের এই প্রস্থান দ্বীপবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরপুর করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।”
তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন। আব্দুল মালেকের মৃত্যুতে সেন্টমার্টিন দ্বীপের ব্যবসায়িক ও সামাজিক মহলে শোকের আবহ বিরাজ করছে।

