শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিনা লাভের বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। স্বাভাবিক বাজারের তুলনায় কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাওয়ায় ক্রেতারা খুশি।
বিনা লাভের বাজারটি উপজেলা পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস—মোট আট বন্ধু। বাজারটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে এবং পুরো রমজান মাস চলবে।
বাজারে পেঁয়াজ, রসুন, আলু, ডাল, সবজি ও ফলমূলসহ নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। বাজার থেকে ক্রেতা নজমুল ইসলাম জানিয়েছেন, কাচা মরিচ এখানে ১৩০ টাকা কেজি কিনেছেন, যেখানে সাধারণ বাজারে ১৮০–২০০ টাকা কেজি। আলু ১৫ টাকা কেজিতে কিনেছেন, বাইরে বিক্রি হচ্ছে ২০ টাকা, এবং ধনিয়া পাতা ৩০ টাকায় কিনেছেন, যেখানে সাধারণ বাজারে ৬০–৭০ টাকা। তিনি বলেছেন, “এখানে বাজার করে আমার বেশ টাকা সাশ্রয় হয়েছে।
বিনা লাভের বাজারের উদ্যোক্তারা—ফাহিম, সানি, সাকিব ও সাকি—বলেন, “রমজান মাসে আমাদের দেশে অনেক পণ্যের দাম বৃদ্ধি পায়। সাধারণ নিম্ন আয়ের মানুষরা রোজার সময়ে কষ্ট ভোগ করেন। এজন্য আমরা মাসব্যাপী এই বিনা লাভের বাজার চালু করেছি, যাতে ক্রেতারা কিছুটা টাকা সাশ্রয় করতে পারেন এবং স্বস্তি পান।


