সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়েও তাদের ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩০ হাজার ১১০ গ্রাম বিস্ফোরক, ১৬৭টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, ১৩৭টি এয়ারগান এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে। সংশ্লিষ্টরা বলছেন,এসব উদ্ধার অভিযানের ফলে সিলেট বিভাগের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা মিলেছে।
এর ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল জানতে পারে,শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের আশপাশে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। খবর পেয়ে রাত প্রায় ১০টা ৩৫ মিনিটে অভিযানিক দলটি সেখানে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ৫টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধার করা এয়ারগানগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

