আতাউর রহমান কাওছার, ওসমানীনগর, সিলেট প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার ২ নং সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওসমানীনগর থানাধীন শেরপুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিংগেল কেবিন পিকআপ (রেজি : ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) তল্লাশি করা হয়।
তল্লাশিকালে পিকআপ গাড়িতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য (৫৫×২৫০০) মোট ১,৩৭,৫০০ টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম মিয়া (৪৮), পিতা মৃত আফজাল শরীফ, সাং- সাদুরবাজার, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। জয়নায়ল আহমেদ (৩৭), পিতা মৃত আব্দুল খলিল, সাং- ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। আশিক আহমদ (২৪), পিতা মৃত শামসুল হক, সাং- আগাড়িপাড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।
ডিবি পুলিশ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

