মো. আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন বোরো চাষের ধুম পড়েছে। চলতি বোরো মৌসুমে ইরি-বোরো ধানের চারা রোপণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। চারদিকে কচি সবুজ চারা আর কৃষকের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গ্রামাঞ্চল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌরশহরের বলাকা মোড় এলাকাসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় কৃষকদের কর্মযজ্ঞের দৃশ্য। কেউ পাওয়ার টিলার দিয়ে জমি তৈরি করছেন, কেউবা সেচ দিচ্ছেন, আবার অনেকে দলবদ্ধ শ্রমিক নিয়ে সারিবদ্ধভাবে পরম মমতায় ধানের চারা রোপণ করছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সেচ সুবিধা থাকায় এ বছর বাম্পার ফলনের আশা করছেন প্রান্তিক কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সঠিক সময়ে রোপণ সম্পন্ন করতে পারলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ বছর তারা মূলত ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৮৯ ও ব্রি ধান-৯২ জাতের চারা রোপণে বেশি আগ্রহী। তাদের মতে, সঠিক জাতের বীজ ও পরিচর্যা নিশ্চিত করতে পারলে এবার ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ সংগ্রহ, সঠিক সময়ে সুষম সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন।
ইরি-বোরো ধানের চারা রোপণকে ঘিরে বীরগঞ্জের মাঠজুড়ে এখন যে কর্মচাঞ্চল্য বিরাজ করছে, তা আগামীর সমৃদ্ধ ফসলের ইঙ্গিত দিচ্ছে। কৃষকের ঘাম ও পরিশ্রমে সবুজে ভরে উঠছে বিস্তীর্ণ ফসলের জমি, যা দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

