বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য হিসেবে পরিচয় দেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে আটক তিনজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য বিজিবি জানাতে পারবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা অব্যাহত আছে।

