মো. এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ফরমান মন্ডল (৫৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বড় নারায়ণপুর গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে র্যাব-৫ ও সিপিসি-৩ এর গোয়েন্দা দল ফরমান মন্ডলের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ফরমান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে ধামইরহাট থানা-এ হস্তান্তর করা হয়েছে।

