আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
আজ ২৩ ফেব্রয়ারী, সোমবার ভোর ৪ টায় সেহেরীর সময় চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু নারীসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূরুল আলম আশেক জানান, হালিমা মঞ্জিল নামে ছয়তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে।
বাসায় থাকা শিশুসহ ৯ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে গিয়েছিল। পরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয়প্রধান ডা. এস খালেদ বলেন, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক ব্যক্তির শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের শরীরের প্রায় ৮০ শতাংশ, আরেকজনের ৪৫ শতাংশ এবং বাকিদের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আশংকাজনক হওয়ায় ২ জনকে ঢাকা বার্ণ হাসপাতালে পাঠানো হয়েছে।

