নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
সাধারণত বাজার থেকে আনা সবজি একবার পানি দিয়ে ধুয়ে ব্যবহার করা হয়। তবে শুধু পানি দিয়ে ধোলে সবজির গায়ে থাকা কীটনাশক, ময়লা বা অণুজীব পুরোপুরি দূর হয় না। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছে, রান্নাঘরে থাকা লবণ ব্যবহার করলেই এটি অনেকটা নিরাপদ করা সম্ভব।
লবণ পানি তৈরি করে সবজি ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখলে গায়ে থাকা ময়লা, ক্ষুদ্র পোকামাকড় এবং কিছু কীটনাশকের অবশিষ্টাংশ কমানো যায়। বিশেষ করে পাতাওয়ালা বা স্তরযুক্ত সবজিতে যেমন: বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, এটি কার্যকর।
পরিষ্কারের পদ্ধতি:
এক লিটার পানিতে ১–২ চা-চামচ লবণ মিশিয়ে হালকা লবণাক্ত পানি তৈরি করা।
সবজি প্রথমে একবার পানি দিয়ে ধুয়ে নেওয়া।
সবজি লবণ পানিতে পুরোপুরি ডুবিয়ে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখা।
আলতো করে ঘষা বা নাড়াচাড়া করা।
পরিষ্কার পানিতে পুনরায় ধুয়ে নেওয়া।
ঝরঝরে শুকিয়ে সংরক্ষণ করা।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, লবণ পানি কেবল উপরের স্তরের কীটনাশক দূর করে; ভেতরে শোষিত রাসায়নিক পুরোপুরি কমানো সম্ভব নয়। তাই বাইরের পাতা ফেলে দেওয়া বা খোসা ছাড়ানো নিরাপদ।
এই সহজ পদ্ধতি অবলম্বন করলে প্রতিদিনের রান্নার সবজি হবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত।

