রাজধানীর ঢাকা শহরের বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্র। শনিবার রাতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে চাঁদা দাবি করে কিশোর গ্যাং সদস্যরা। দাবি পূরণ না হওয়ায় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কর্মচারীদের ওপর। ঘটনার প্রতিবাদে স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা বিক্ষোভ করে আদাবর থানা ঘেরাও করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কালা রাসেলসহ কয়েকজনকে আটক করে।
এদিকে, মোহাম্মদপুর এলাকার বসিলার তিন রাস্তার মোড়ের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, দিনের বেলাতেই পথচারীদের ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে। কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ‘কিলার বাদল’ গ্রুপসহ একাধিক গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। একই দিনে মার্কেটের দোকানদারদের কাছ থেকেও চাঁদা দাবি করা হয়, না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ী ও শ্রমিকরা অভিযুক্তের পরিবারের সদস্যকে আটক করে এবং নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে জড়ো হন। এতে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রত্যেক এলাকায় মোবাইল পেট্রোল টিম রয়েছে। কোনো ঘটনা ঘটলে দ্রুত জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব।”
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে।

