শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, নির্বাচনের পর থেকেই এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, নির্বাচনের দিন থেকে সাউথখালী ইউনিয়নে একের পর এক সহিংস ঘটনা ঘটছে।
তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

