এম শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে, জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের এমপি শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, প্রফেসর অধ্যক্ষ মোঃ শওকত আলম মীর এবং সিভিল সার্জন ডা. মোঃ আজিজুল হক। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আব্দুল হাই আলহাদী।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

