সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার কদুপুরের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মধ্যরাতে শাহপুর এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা আলী নুর এবং মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লার বাসিন্দা মৃত ওয়াহিদুর রহমানের ছেলে রেহান আহমদ (২৫)। অপর এক যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে,দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

