মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে নিজ জন্মভূমি যশোর-এ পা রাখলেন সরকারের নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর। তাকে ঘিরে সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই যশোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। প্রতিমন্ত্রী বিমান থেকে নামতেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। “ঘরের ছেলে মন্ত্রী”কে এক নজর দেখার জন্য নিরাপত্তা বলয় উপেক্ষা করেও অনেকে সামনে আসার চেষ্টা করেন।
প্রতিমন্ত্রী অমিত মুচকি হেসে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। কারও সঙ্গে কুশল বিনিময় করেন, কাউকে বুকে টেনে নেন—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন।
বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পৌঁছান যশোর সার্কিট হাউসে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে জনতার সামনে আসতেই সার্কিট হাউস প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন,
“যশোরের এই মাটি ও মানুষের কাছে আমার ঋণ অপরিশোধিত। আপনারা আজ যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তার সুফল যেন যশোরের প্রতিটি ঘরে পৌঁছায়—আমি সেই চেষ্টাই করব।”
যশোরের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর উত্তরসূরি হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের এই প্রাপ্তিকে যশোরবাসীর গর্ব ও বিজয় হিসেবে দেখছেন স্থানীয়রা। বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ করে মন্ত্রীর দায়িত্ব নিয়ে জেলায় ফেরায় প্রবীণ নেতা-কর্মীদের চোখেও ছিল আনন্দের অশ্রু।
তিন দিনের এই সফরে প্রতিমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার বিকেল ৩টা: সার্কিট হাউসে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।
শুক্রবার সন্ধ্যা: হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর: এম এম কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
সকাল ১১টা: জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য।
দুপুর ১২টা: জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা। হোটেল ওরিয়নে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার। রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী।
নিজ শহরে প্রথম সফরেই অনিন্দ্য ইসলাম অমিত যেন স্পষ্ট বার্তা দিলেন—দায়িত্বের কেন্দ্রবিন্দুতে থাকবে যশোরের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণ।

