ক্রাইম রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীতে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে এক ফটোগ্রাফারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে নরসিংদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১) ও ৮(২) ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পরপরই অভিযান শুরু হয়। অভিযোগের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই এসআই বাবুলের নেতৃত্বে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন একটি সেলুন থেকে অভিযুক্ত আশরাফুল ইসলাম রোহানকে আটক করা হয়।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাই। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।” পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

