সাতক্ষীরা প্রতিনিধি :
দীর্ঘ ১৮ মাস পর সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ভয়হীন ভাবে ‘জয় বাংলা’র শ্লোগানে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলবদ্ধ মিছিল শেষে তারা জেলা ছাত্রলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরা শহরের বড় বাজার সড়ক থেকে মিছিলটি বের করা হয়।মিছিলটি সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয় প্রাঙ্গণে যেয়ে শেষ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করে। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
জাতীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর যুবলীগের নেতাকর্মীরা বলেন, শীঘ্রই আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে রাজপথে ফিরব।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সকলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান আছে এবং অতি দ্রুত সেটি জনসম্মুখে সক্রিয় ভাবে প্রকাশ পাবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মী আবারও রাজপথে ফিরে আসবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে।
পরবর্তীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উড়লেও কার্যালয়টির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় আছে।

