মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার ঝুলতে দেখা গেছে। ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি সংযুক্ত রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের কোনো এক সময়ে এসব ব্যানার ও ছবি টানানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা। যদিও সরাসরি কেউ টানানোর দৃশ্য দেখেননি। তবে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে মুখোশ পরিহিত কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে এবং দেয়ালে লাগাতে দেখা যায়। ছবিতে ভোরের আলোর উপস্থিতি থাকায় ধারণা করা হচ্ছে, ভোরের দিকেই এসব স্থাপন করা হয়।
সরেজমিনে বুধবার বেলা দেড়টার দিকে কার্যালয়ে গিয়ে দেখা যায়, সামনে শেখ সোহেল রানা টিপুর ছবি সম্বলিত ব্যানার ঝুলছে। তবে ভেতরে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি দেখা যায়নি। কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি পিলারের সঙ্গে ইংরেজি অক্ষরে ‘শেখ হাসিনা সিডিআই’ লেখা রয়েছে। এছাড়া ভেতরে সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত নির্বাচনসংক্রান্ত কয়েকটি পোস্টার সাঁটানো আছে। দ্বিতীয় তলার ছাদে আগের দিন লাগানো যুবলীগের একটি ব্যানার মুচড়ে ফেলে রাখা অবস্থায় দেখা যায়।
স্থানীয় ফল ব্যবসায়ী রাসেল মিয়া জানান, মঙ্গলবার রাত ১০টার দিকেও কার্যালয়ে শুধু জাতীয় পতাকা ছিল। সকালে দোকান খুলতে এসে তিনি নতুন ব্যানার দেখতে পান। তাঁর ধারণা, ভোরের দিকে ব্যানারটি টানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে দুই-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবি সংবলিত একটি ব্যানার টানান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, কার্যালয়ে পতাকা উত্তোলন ও নতুন করে ব্যানার-ছবি টানানোর বিষয়টি জানার পর জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ প্রায় ১৮ মাস পর মঙ্গলবার হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানোর ঘটনা ঘটে। এর পরদিন নতুন ব্যানার ও ছবি টানানোকে কেন্দ্র করে জেলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

