শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর নকল প্রতিরোধ করা হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। “সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। আমাদের শিক্ষা ক্ষেত্রে শুধু ‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে,” বলেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা প্রয়োজন এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। “গ্লোবাল ভিলেজে আমরা পেছনের কোনো শিক্ষা ব্যবস্থা রাখতে পারব না। শিক্ষা এখন কোনো দেশীয় পণ্য নয়, এটি আন্তর্জাতিক পণ্য। ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স ব্যবহার করতে হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি অপরিহার্য।”
মন্ত্রী কারিকুলাম সম্পর্কে বলেন, এটি পরিবর্তনের নয়, বরং পুনঃপর্যালোচনা (রিভিউ) করা হবে। এছাড়া এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।

