বাংলা এফএম ডেস্ক:
ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য ও গঠনমূলক বৈঠক করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে ওম বিড়লা বলেন,প্রতিবেশী দুই দেশের মধ্যকার স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভারতের জনগণের পক্ষ থেকেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান।
এর আগে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার। শপথ অনুষ্ঠান পরবর্তী সাক্ষাতে তিনি নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং বলেন,একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে বাংলাদেশের প্রচেষ্টায় ভারত পাশে থাকতে প্রস্তুত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,শপথ গ্রহণ অনুষ্ঠান পরবর্তী সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা,জনগণের কল্যাণ এবং জনমুখী উন্নয়ন নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ভারত সরকারের প্রতিনিধি দলের অংশ হিসেবে এ সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি-ও উপস্থিত ছিলেন। একই সফরে লোকসভার স্পিকার মালদ্বীপের প্রেসিডেন্ট,ভুটানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের বিশ্বনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
দুই দেশের কূটনৈতিক মহলে এ বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

