মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:
বর্জনকৃত গত ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পর্ব সমাপনী পরীক্ষা দ্রুত পুনঃগ্রহণ, লিখিত পরীক্ষার পর দ্রুত প্রাকটিক্যাল পরীক্ষা আয়োজন এবং পরবর্তী পর্বের পর্ব পরিকল্পনা প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিটি চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণের জন্য অধ্যক্ষের মাধ্যমে প্রদান করা হয়, যা পাঠানো হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকায়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে নির্ধারিত তারিখে পর্ব সমাপনী পরীক্ষাগুলো বর্জিত হওয়ায় পুরো একাডেমিক কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছে এবং সেশন জট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকট হয়ে উঠেছে।
তারা বলেন, এ অবস্থায় ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে, বর্জনকৃত ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরীক্ষাগুলো আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পুনঃনির্ধারণ করে দ্রুত গ্রহণের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে লিখিত পরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার পর কোনো ধরনের অযথা বিলম্ব ছাড়াই প্রাকটিক্যাল পরীক্ষাসমূহ সম্পন্ন করে পরবর্তী পর্বের পর্ব পরিকল্পনা প্রকাশ করা অত্যন্ত জরুরি।
স্মারকলিপিতে আরও বলা হয়, পরবর্তী পর্বের সময়সূচি প্রণয়নের ক্ষেত্রে চলমান সেশন জট, শিক্ষার্থীদের বয়সসীমা, চাকরির প্রস্তুতি ও উচ্চশিক্ষার সুযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত না হলে শিক্ষার্থীদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ সময় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ভয়াবহ সংকট তৈরি হবে, যার দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

