চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের সংবর্ধনা এবং একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্য শিক্ষার্থীদের কলেজ মুখী করার উৎসাহ প্রদান।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীনের সভাপতিত্বে এবং অধ্যাপক ফরহাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শাখায় সেরা পাঁচজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি এবছর মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেরাজ উদ্দীন কলেজে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কলেজমুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের টিফিন সমস্যার সমাধানে ক্যান্টিন চালু,নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা ও কলেজকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

