রিপন মারমা, কাপ্তাই, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি কাপ্তাইয়ে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নতুনবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার নতুনবাজারে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ‘আমান উল্লাহ গরু মাংসের দোকান’-এর মালিক মোঃ আমান উল্লাহকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্রয় রশিদ সংরক্ষণ না করায় পোল্ট্রি দোকানের মালিক মোঃ আজাদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ল্যাবে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য (রিএজেন্ট) পাওয়ায় ‘কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টার’-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে কাপ্তাই উপজেলা মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

