ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক। বিএনপির নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় শপথগ্রহণের জন্য তিনি ডাক পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।
দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকারী আমিনুল ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি জয়ী হতে পারেননি। ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে তিনি পরাজিত হন।
নির্বাচনে হারলেও গত কয়েকদিন ধরে তাকে ঘিরে ছিল জোর আলোচনা। রাজনৈতিক মহলে ধারণা ছিল, নির্বাচিত হতে পারলে নতুন সরকারে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেতেন তিনিই। কিন্তু পরাজয়ের পর কে হচ্ছেন ক্রীড়ামন্ত্রী—তা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। আলী আসগরসহ আরও কয়েকজনের নাম সম্ভাব্য তালিকায় ঘুরপাক খাচ্ছিল।
এমন পরিস্থিতিতে আলোচনায় আসে—আমিনুলকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় নেওয়া হতে পারে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে তাকে ফোন করে শপথের বিষয়ে অবহিত করা হয়।
এরই মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

