সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সোমবার (১৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০৫ জন এবং কাস্টিং ভোট পড়ে ৩৪৭টি,যা উপস্থিতি ও অংশগ্রহণের দিক থেকে সন্তোষজনক বলে বিবেচিত হয়েছে।
সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সুনীল কুমার দাস পেয়েছেন ১৫৮ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান ১৭৪ ভোট এবং অ্যাডভোকেট আখলাকুল আম্বিয়া ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ জয়নুল হক বিপুল ব্যবধানে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট দেলওয়ার হোসেন পেয়েছেন ১২০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান ১৮৪ ভোট এবং অ্যাডভোকেট আবু নছর মোঃ মাসহুদ ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট জুনেদ আলী পেয়েছেন ৮০ ভোট,অ্যাডভোকেট হাজিফ আব্দুল আলীম ৭২ ভোট এবং অ্যাডভোকেট বিল্লাল হোসেন পেয়েছেন ৫৫ ভোট।
পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট আশফাক আহমেদ ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল মতলিব পেয়েছেন ১০১ ভোট।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নিয়ামুল হক নির্বাচিত হয়েছেন। মহিলা সম্পাদক পদে মিসেস সুবিনা আক্তার নির্বাচিত হয়েছেন। সিনিয়র সদস্য পদে মহিউদ্দিন মানিক এবং দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত নির্বাচিত হয়েছেন।
জুনিয়র সদস্য পদে অ্যাডভোকেট মিলন কুমার সিনহা (২৪৬ ভোট),অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী (২২৯ ভোট),অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম (১৭১ ভোট) এবং অ্যাডভোকেট মোঃ আবুল খায়ের বেগ (১৬৫ ভোট) নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন পেয়েছেন ১৬১ ভোট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জয়নুল হক এক প্রতিক্রিয়ায় সমিতির সকল ভোটার,প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা,কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, পাঠাগার ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্রীড়া-সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে,নবগঠিত কমিটি আইনজীবীদের অধিকার সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

