সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে বিএনপি যে অবস্থান নিয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইন অনুযায়ী বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে ১১ দলীয় জোটও কোনো ধরনের শপথ গ্রহণ করবে না।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শপথ অনুষ্ঠান নিয়ে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি সংবিধানে আমূল সংস্কারের লক্ষ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আসিফ মাহমুদের মতে, নির্বাচনের মাধ্যমে জয়ী প্রতিনিধিদের এই সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া নৈতিক দায়িত্ব, যা উপেক্ষা করা হচ্ছে।
আজ সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, তাদের দলের নির্বাচিত প্রতিনিধিরা এই মুহূর্তে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি সংবিধানের রেফারেন্স টেনে বলেন, বিদ্যমান সংবিধানে এ ধরনের কোনো শপথের বাধ্যবাধকতা বা ফরম নেই।
বিএনপির এই ঘোষণার পরপরই এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পাল্টা অবস্থান নিলেন। তার এই ঘোষণা সংসদীয় রাজনীতিতে নতুন এক জটিলতার আভাস দিচ্ছে। এখন দেখার বিষয়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসিফ মাহমুদের এই বক্তব্যের সঙ্গে একমত হয়ে শপথ বর্জন করে কি না।

